
(১ মাস আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ৩:১৯ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি কর্মী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট (SV-806) যোগে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের মরদেহ দেশে আনা হয়েছে এবং একজনকে পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া পরিবারকে অতিরিক্ত ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।