
(৭ মাস আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ৩:৫৯ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা থেকে প্রায় ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা এসব স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনা বাড়ছিল বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান বিকেল পর্যন্ত চলে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আসিফুল হক। উপস্থিত ছিলেন সওজের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান এবং কুমিল্লা সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া দেবপুর পুলিশ ফাঁড়ি ও জেলা পুলিশের অতিরিক্ত সদস্যরাও অভিযানে অংশ নেন। পুরো অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সওজ সূত্র জানায়, মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দিয়ে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও তারা তা মানেননি।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনটি বুলডোজার দিয়ে নিমসার বাজার এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশে অভিযান চালানো হয়। এ সময় সবজির আড়ত, হোটেল, কনফেকশনারি, কাপড় ও জুতার দোকান, মুদি দোকান, ফলের আড়ত এবং ফার্নিচারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। অনেক দোকান মালিককে তাৎক্ষণিকভাবে মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকান ধীরে ধীরে স্থায়ী রূপ নেয় এবং সড়কের জায়গা দখল করে নেয়। ফলে ওই এলাকায় প্রায়ই তীব্র যানজট ও দুর্ঘটনা ঘটত।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মহাসড়ক দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে পুনরায় যাতে কেউ সড়কের জায়গা দখল করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে।