
(৭ মাস আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ৭:৩২ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জ্যেষ্ঠতা লঙ্ঘন, স্বেচ্ছাচারিতা ও অর্থ কেলেঙ্কারির অভিযোগ তুলে ধানখালী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষকরা। সোমবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় অবস্থিত কলেজটিতে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই শিক্ষকরা এক সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মাসুম বিল্লাহসহ অন্যান্য শিক্ষকরা অভিযোগ করেন, আবুল কালাম আজাদ জ্যেষ্ঠতার তালিকায় সপ্তম অবস্থানে থেকেও শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে গত বছরের ৩০ জুন ‘মব’ সৃষ্টি ও সিনিয়র শিক্ষকদের মামলা দিয়ে ভয়ভীতি দেখিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ দখল করেন।
তারা আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন এবং কলেজের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার না পেয়ে তারা বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করেছেন।
অন্যদিকে, সকল অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি দাবি করেন, শিক্ষকরাই অনধিকার চর্চা করছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক জানান, পরিস্থিতি সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।