
(৩ সপ্তাহ আগে) ৬ এপ্রিল ২০২৬, সোমবার, ৭:৪৪ অপরাহ্ন
ফ্রান্সের বৃহত্তম ইসলামী আয়োজন ‘মুসলিম সম্মেলন ২০২৬’-এর হিফজুল কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত চার শিক্ষার্থী। বহু প্রতিযোগীকে পেছনে ফেলে তারা ফাইনালে উঠার গৌরব অর্জন করেছে।
ফাইনালে অংশ নেওয়া চার শিক্ষার্থী হলেন—শরিফ ইসলাম সাবরি, রায়ান ফারুক, আরমান উদ্দিন ও ওবাইদ খান। তাদের মধ্যে শরিফ ইসলাম সাবরি তৃতীয় স্থান অর্জন করেছেন।
তারা সবাই ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান ‘বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার’-এর শিক্ষার্থী।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের অর্থ পুরস্কারের পাশাপাশি সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া ফাইনালে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও বিশেষ উপহার দেওয়া হয়।
প্যারিসের উপকণ্ঠ লে বুর্জে ৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এ মুসলিম সম্মেলনে এবার ৬টি ক্যাটাগরিতে হিফজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের এই সাফল্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।