banglahour

সামাজিক উন্নয়নে নারী কার্বারীদের দক্ষতা বৃদ্ধি অপরিহার্য

জাতীয় | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:০২ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রামের নারী কার্বারীদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গামাটিতে ‘পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান-কার্বারী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সিএইচটি নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের সভাপতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। প্রধান আলোচক ছিলেন চাকমা সার্কেলের উপদেষ্টা রাণী ইয়েন ইয়েন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি থোয়াই অং মারমা, এএলআরডি’র উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, সিএইচটি নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীসা এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা।


বক্তারা বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানগুলোতে নারী কার্বারী নিয়োগ একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ। তবে তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং সহায়ক পরিবেশ।


সম্মেলনে বক্তারা নারী কার্বারীদের ভাতা অবিলম্বে চালুর দাবি জানান। পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

এর মধ্যে রয়েছে—প্রক্রিয়াধীন মৌজা হেডম্যান অফিস নির্মাণ দ্রুত বাস্তবায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাথর উত্তোলন বন্ধ, অস্থায়ী বাসিন্দাদের মাধ্যমে ভূমি দখল বন্ধ, অবৈধভাবে দখলকৃত ভূমি স্থায়ী বাসিন্দাদের কাছে ফিরিয়ে দেওয়া, স্থায়ী বাসিন্দাদের ভূমির মালিকানা নিশ্চিত করা এবং নারী-পুরুষ সকল কার্বারীদের জন্য সরকারি ভাতা বরাদ্দ।


এছাড়া পার্বত্য চুক্তির আলোকে নারীদের উন্নয়ন কার্যক্রম জোরদার, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান এবং ভূমি সংক্রান্ত সম্পত্তির অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, বর্তমানে পার্বত্য চট্টগ্রামে মোট ৬৯৬ জন নারী কার্বারী নিয়োগপ্রাপ্ত। এর মধ্যে চাকমা সার্কেলে ৫০০ জন, মং সার্কেলে ১৭৭ জন এবং বোমাং সার্কেলে ১৯ জন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল