
(৩ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৬, বুধবার, ৫:০৪ অপরাহ্ন
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের আকবাড়ি এলাকার দোকানের পাশে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
নিহত নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
ইউপিডিএফ (প্রসীত খীসা) দলের মুখপাত্র অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ দুই সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় একজন পালিয়ে প্রাণে বাঁচলেও নিউটন চাকমা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ইউপিডিএফের অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এই ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। পাহাড়ে অনেকগুলো সংগঠনের অন্য কেউ এই ঘটনা ঘটাতে পারে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
স্থানীয়দের ধারণা, পার্বত্য অঞ্চলে আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে দীর্ঘদিনের আধিপত্য বিস্তার ও প্রভাব নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকান্ড ঘটেছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) খাগড়াছড়ির পানছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়।
#