
(৩ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৬, বুধবার, ১১:২২ অপরাহ্ন
চুয়াডাঙ্গার মুন্সীগঞ্জ বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় বাজারে তদারকি অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ ও আদায় করে।
অভিযানে মুন্সীগঞ্জ বাজারের ‘খান স্টোর’-এর স্বত্বাধিকারী মুক্তার হোসেন খানকে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সয়াবিন তেল বিক্রি করতে দেখা যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানের সময় ব্যবসায়ীদের আইন মেনে মানসম্মত পণ্য কেনাবেচা, ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এসময় তদারকি কার্যক্রমে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।