
(৩ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৪:০১ অপরাহ্ন
সংখ্যায় মাত্র চারজন, কিন্তু তাদের স্লোগানের দৃঢ়তা যেন শত মানুষের কণ্ঠকেও হার মানায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ‘অসম’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক বিক্ষোভ মিছিল। ছোট এই প্রতিবাদের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা ৮০ বছর বয়সী দবিরুল ইসলাম এবং তার সহযোদ্ধা মুসলিম উদ্দিন। বয়সের ভারে নুয়ে পড়লেও দবিরুল ইসলামের কণ্ঠে ছিল প্রতিবাদের দৃঢ় উচ্চারণ। তিনি জানান, মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।
দবিরুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদ আমাদের বিরোধিতা করতে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। আজও সেই শক্তির সঙ্গে দেশবিরোধী চুক্তি করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে আমৃত্যু সোচ্চার থাকব।
মাত্র চারজন নিয়ে মিছিলে নামার বিষয়ে মুসলিম উদ্দিন বলেন, “প্রতিবাদের জন্য সংখ্যার দরকার নেই। আমরা চারজনই যথেষ্ট। কেউ না আসলেও আমরা থেমে থাকতে পারি না।
স্থানীয়দের কাছে তারা পরিচিত মুখ। সার ব্যবসায়ী বিশ্বনাথ বর্মন বলেন, “মুসলিম উদ্দিন একজন দিনমজুর আর দবিরুল ইসলাম প্রাক্তন শ্রমিক নেতা। এলাকায় কোনো অন্যায় বা দুর্নীতির খবর পেলেই তারা কয়েকজন মিলে লাল পতাকা নিয়ে প্রতিবাদে নামেন। তাদের সততা নিয়ে কারও সন্দেহ নেই।
বয়সের ভারে ক্লান্ত হলেও দবিরুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন, “তরুণ বয়সে শত শত মানুষকে নিয়ে প্রতিবাদ করেছি। এখন মানুষের সংখ্যা কমেছে, কিন্তু আমি হতাশ নই। পাশে যাকে পাই, তাকেই নিয়ে পথে নামি।
এলাকার স্কুল শিক্ষক মকবুল হোসেনের মতে, দবিরুল ইসলাম ও মুসলিম উদ্দিনের মতো মানুষরাই প্রকৃত আদর্শবাদী। ভিড়ের তোয়াক্কা না করে আদর্শের লড়াই চালিয়ে যাওয়াই তাদের আসল পরিচয়।
বালিয়াডাঙ্গীর এই ছোট্ট মিছিলটি আবারও মনে করিয়ে দিল—সংখ্যার চেয়ে সাহসের জোরই অনেক সময় বড় হয়ে ওঠে।