banglahour

রাঙ্গামাটিতে যানবাহন চালক-মালিকদের টেকসই পর্যটন বিষয়ক কর্মশালা

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ সপ্তাহ আগে) ৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৫:২৬ অপরাহ্ন

রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতকে আরও সমৃদ্ধ ও টেকসই করতে যানবাহন চালক ও মালিকদের নিয়ে এক পরিচিতি ও সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন কর্পোরেশনের আহ্বায়ক মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাগরিকা রোয়াজা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সরোয়ার জাহান মিঠু। সভাপতিত্ব করেন প্রকল্প ফোকাল পার্সন অরেনেন্দু ত্রিপুরা এবং সঞ্চালনা করেন সবুজ চাকমা।


এতে অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুসহ সমিতির অন্যান্য সদস্য, যানবাহন মালিক ও চালকরা অংশগ্রহণ করেন।


কর্মশালায় বক্তারা রাঙ্গামাটিকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও পর্যটকবান্ধব শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পর্যটন খাতের উন্নয়নে যানবাহন চালক ও মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের আচরণ, সচেতনতা ও দায়িত্বশীলতা সরাসরি পর্যটনের ওপর প্রভাব ফেলে।
প্রধান অতিথি মো. হাবীব আজম বলেন, “রাঙ্গামাটিতে আগত দেশি-বিদেশি পর্যটকদের প্রতি আন্তরিক আচরণ নিশ্চিত করতে হবে। যাত্রীদের সঙ্গে সদাচরণ, অযথা ঝগড়া-বিবাদ এড়িয়ে চলা এবং পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।” তিনি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্যও চালকদের প্রতি আহ্বান জানান।


তিনি আরও বলেন, যানবাহনে যাতায়াতকারী যাত্রী ও পর্যটকরা যাতে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলেন, সে বিষয়ে চালকদের সচেতন ভূমিকা রাখতে হবে। রাঙ্গামাটির সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এসময় চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, পর্যটকদের কাছে রাঙ্গামাটির দর্শনীয় স্থান ও ঐতিহ্য সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে হবে। এতে পর্যটকরা আরও আকৃষ্ট হবেন এবং জেলার প্রতি ইতিবাচক ধারণা তৈরি হবে।


কর্মশালায় সড়কে নিরাপদে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে চলা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।


অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধি করবে এবং রাঙ্গামাটিকে একটি আধুনিক, নিরাপদ ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল