
(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ৫:৫১ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হেলাতলা এলাকা থেকে ২১২ লিটার ডিজেলসহ একটি রিক্সাভ্যান ও এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তি ইস্রাফিল হোসেন (৪৯), তিনি দামুড়হুদা উপজেলার সড়াবাড়ীয়া গ্রামের ফরজন আলীর ছেলে। এ সময় তার ব্যবহৃত রিক্সাভ্যান এবং বহনকৃত ডিজেল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বড়বলদিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হেলাতলা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় নায়েক ইব্রাহিমের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালায়। রাত আনুমানিক ৮টার দিকে একটি রিক্সাভ্যান থামিয়ে তল্লাশি করলে একটি ড্রামে রাখা ২১২ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইস্রাফিল হোসেন স্বীকার করেন, ডিজেলগুলো অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে পাচারের এই চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়।
উদ্ধারকৃত ডিজেল জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি জানায়। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।