banglahour

চুয়াডাঙ্গায় তুলা চাষে বিপ্লব, উৎপাদনের সম্ভাবনা ৬০ কোটি টাকার

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ৫:৫৩ পূর্বাহ্ন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গা এখন ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে তুলা চাষের জেলা হিসেবে। এক সময় অনীহা থাকলেও বর্তমানে লাভজনক হওয়ায় কৃষকদের কাছে তুলা চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।


হাইব্রিড জাতের বীজ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে তুলা চাষ এখন ধান বা পাটের তুলনায় বেশি লাভজনক হয়ে উঠেছে। ফলে সাথী ফসলের সঙ্গে তুলা চাষের পরিধিও দিন দিন বাড়ছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার প্রায় সমান চাষাবাদ এবং সরকারের ২ কোটি ৪৪ লাখ টাকার প্রণোদনা কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।


চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে জেলার ১১টি ইউনিটের আওতায় প্রায় ২ হাজার ১০০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। এতে প্রায় ৬ হাজার ৫০০ জন কৃষক অংশ নিয়েছেন। চলতি মৌসুমে প্রায় ৬ হাজার ৩০০ মেট্রিক টন তুলা উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৬০ কোটি টাকা।


জেলায় বোর্ড-১২, ১৩ ও ১৪, রূপালী-১, হোয়াইট গোল্ড-১ ও ২, ডিএম-৪ এবং শুভ্র-৩ জাতের উচ্চ ফলনশীল হাইব্রিড তুলা চাষ হচ্ছে। তুলা সাধারণত ৬ থেকে ৭ মাসের ফসল হলেও এর লাভজনকতা কৃষকদের আগ্রহ বাড়াচ্ছে।


তুলা উন্নয়ন বোর্ড চলতি মৌসুমে ৩ হাজার ৫০ জন কৃষককে ৩ হাজার ৫০ বিঘা জমিতে চাষের জন্য ৮ হাজার টাকা মূল্যের ভর্তুকি সহায়তা দিয়েছে। এতে হাইব্রিড বীজ, সার, কীটনাশক, ছত্রাকনাশক ও পিজিআর অন্তর্ভুক্ত রয়েছে।


কৃষি বিশেষজ্ঞরা জানান, দোআঁশ ও পলিযুক্ত উঁচু জমি তুলা চাষের জন্য উপযোগী। প্রতি বিঘায় চাষ খরচ হয় প্রায় ২০ থেকে ২২ হাজার টাকা এবং উৎপাদন হয় ১৪ থেকে ১৭ মণ। বর্তমান বাজারে প্রতি মণ তুলার দাম প্রায় ৩ হাজার ৮৪০ টাকা হওয়ায় খরচ বাদে বিঘাপ্রতি লাভ দাঁড়ায় ২৫ থেকে ৩০ হাজার টাকা।


মাঠ পর্যায়ে গিয়ে দেখা গেছে, জেলার দামুড়হুদা উপজেলার চিৎলা ব্লকের কৃষক আবুল কালাম, জসিম উদ্দীন ও নূর আলম আধুনিক পদ্ধতিতে তুলা চাষ করে সফলতা পাচ্ছেন। তাদের মতে, সরকারি সহায়তায় উন্নত বীজ ও সার পাওয়ায় তুলা চাষ এখন সহজ ও লাভজনক।


চুয়াডাঙ্গার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ জানান, প্রণোদনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষকদের আগ্রহ বেড়েছে। সঠিক মাত্রায় সার প্রয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। মাঠপর্যায়ে নিয়মিত কারিগরি সহায়তাও প্রদান করা হচ্ছে।


যশোর তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক ড. তাসদিকুর রহমান বলেন, চুয়াডাঙ্গার মাটি তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক বিনিয়োগ ও প্রযুক্তির প্রয়োগ বাড়ানো গেলে দেশ তুলা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারে।
কৃষকদের মতে, তুলা চাষ শুধু তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাচ্ছে না, বরং দেশের টেক্সটাইল শিল্পেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সংশ্লিষ্টদের আশা, উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হলে আগামীতে এ জেলায় তুলা চাষ আরও বিস্তৃত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল