banglahour

লুটপাটে আওয়ামী লীগ সময় নিয়েছিল, বিএনপি সময় নিচ্ছে না: ঠাকুরগাঁওয়ে শিবির সভাপতি সাদ্দাম

রাজনীতি | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(২ দিন আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:১১ অপরাহ্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ব্যাংকিং খাতে লুটপাটের ক্ষেত্রে অতীতে আওয়ামী লীগ সময় নিলেও বর্তমানে বিএনপি কোনো সময় নিচ্ছে না। তিনি এ ধরনের কর্মকাণ্ডের “করুণ পরিণতি” হতে পারে বলেও মন্তব্য করেন।


সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের একটি রেস্টুরেন্টে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাদ্দাম বলেন, জনগণ যদি ব্যাংক থেকে আমানত তুলে নিতে শুরু করে এবং প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়, তাহলে দেশে মুদ্রাস্ফীতি বাড়বে এবং তারল্য সংকট দেখা দিতে পারে। এর ফলে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।


‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচার চালালেও বর্তমানে তা বাস্তবায়ন করছে না।


বর্তমান সরকার সম্পর্কে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অনেক ত্যাগের বিনিময়ে যারা ক্ষমতায় এসেছে, তাদের কাছে দেশের মানুষ সুশাসনের প্রত্যাশা করেছিল। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে তিনি দাবি করেন।


তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সর্বসম্মতিতে গৃহীত অধ্যাদেশগুলো বাস্তবায়নের পরিবর্তে বিএনপি সেগুলো নিজেদের সুবিধামতো পরিবর্তন করছে এবং নতুন আইন প্রণয়ন করছে।


৩১ দফা প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রথম দফাটিই এখন বাস্তবায়ন করা হচ্ছে না। এছাড়া প্রশাসনে দলীয় নিয়োগ না দেওয়ার অঙ্গীকার থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটছে বলেও তিনি অভিযোগ করেন।


ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন কয়েকটি ব্যাংকে তারল্য সংকট দেখা দেওয়ার পর গ্রাহকেরা অর্থ তুলতে পারেননি। সে সময় অন্তর্বর্তীকালীন সরকার অর্থ পাচারকারীদের মালিকানা সীমিত করার একটি অধ্যাদেশ জারি করেছিল। তবে বর্তমান সরকার সেটি শিথিল করে ৭ শতাংশ শেয়ার থাকলেই পুনরায় মালিকানায় ফেরার সুযোগ দিয়েছে বলে তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, একটি গোষ্ঠী সরকারকে অকার্যকর করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের তৎপরতা চালাচ্ছে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল