banglahour

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী: অ্যাডভোকেট তরিকুল ইসলাম

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:২৩ অপরাহ্ন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রামে কুমিল্লার জনগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এনসিপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তরিকুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বের বড় একটি অংশ ছিল কুমিল্লার সন্তানদের হাতে। তাদের সাহসী ও নির্ভীক ভূমিকার ফলেই দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমাজের প্রতিটি স্তরে গেঁথে থাকা ফ্যাসিবাদকে পরাজিত করে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব—ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে এনসিপি শুরু থেকেই সক্রিয়। তারুণ্যের রাজনীতিতে দায়িত্ববোধ, সহনশীলতা এবং নাগরিক সমস্যার বাস্তবসম্মত সমাধানকে তিনি বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে দেশের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, নির্বাচন নিয়ে কথা বলতে পারছে এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।

কুমিল্লার ঐতিহ্যের কথা তুলে ধরে তরিকুল ইসলাম বলেন, সুলতানি, মোগল ও ব্রিটিশ আমল থেকেই কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, রাজনৈতিক ও শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত। স্বাধীনতা-পরবর্তী সময়েও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এ অঞ্চলের মানুষ অগ্রণী ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানেও কুমিল্লার মানুষের সাহসিকতা সারা দেশের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

বর্তমান নগর সমস্যার প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা শহর ক্রমেই অপরিকল্পিত নগরীতে পরিণত হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, বাজার ব্যবস্থাপনা, আবাসন সংকট ও জননিরাপত্তার মতো সমস্যা দিন দিন তীব্র হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় নারীদের নিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব নয়। তবে একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী গড়তে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করা হবে।

নগরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের সমস্যা শুনে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শেষে তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—কুমিল্লার মানুষ জেগে উঠলে পুরো বাংলাদেশ জেগে ওঠে। তাই একটি আধুনিক ও পরিকল্পিত কুমিল্লা গড়ে তুলতে তিনি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বকর মজুমদারসহ দলের কেন্দ্রীয়, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল