
(৬ মাস আগে) ১৩ এপ্রিল ২০২৬, সোমবার, ৮:০১ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কারকাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজার হাজার মানুষ। জনদুর্ভোগ লাঘবে সড়কটির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সড়কটি পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মামুন খান।
পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “জনগণের অকৃত্রিম ভালোবাসায় আমি মহান সংসদে গিয়েছি। মানুষের কষ্ট দূর করাই আমার প্রধান লক্ষ্য। সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বেহাল সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে, ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাকিম পারভেজ, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সহ-সভাপতি রাহুল হোসেন সাহেল, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক আল-মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ তালুকদার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাসিতুর রহমান, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসনাত আলম মাসুদ আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া শাহজাহান ও সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বাঘা ইউনিয়নের ওপর দিয়ে যাওয়া বুরহান উদ্দিন সড়কের প্রায় ৭ কিলোমিটার অংশে বর্তমানে উন্নয়নকাজ চলমান রয়েছে।