banglahour

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতিতে চাপ: IEA-IMF-World Bank-এর যৌথ সতর্কতা

বিশ্ব | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(১ দিন আগে) ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১:১২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে সৃষ্ট চাপ মোকাবিলায় বৈঠক করেছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (IEA), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাংক গ্রুপ-এর প্রধানরা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা বিশ্ব অর্থনীতির ওপর যুদ্ধের গভীর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


বিবৃতিতে বলা হয়, যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী হলেও তা সমানভাবে পড়ছে না; বরং জ্বালানি আমদানিনির্ভর ও নিম্নআয়ের দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে। তেল, গ্যাস ও সারের দাম বেড়ে যাওয়ায় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং কর্মসংস্থান নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কিছু জ্বালানি রপ্তানিকারক দেশও রপ্তানি আয়ে বড় ধরনের ধাক্কা খাচ্ছে।


সংস্থাগুলোর মতে, পরিস্থিতি এখনো অত্যন্ত অনিশ্চিত এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। এমনকি স্বাভাবিক অবস্থায় ফিরলেও বৈশ্বিক সরবরাহ চেইন পুনরুদ্ধারে সময় লাগবে। অবকাঠামোর ক্ষতির কারণে জ্বালানি ও সারের দাম দীর্ঘ সময় উচ্চ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


এছাড়া সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় জ্বালানি, খাদ্য ও অন্যান্য শিল্পে কাঁচামালের সংকট দেখা দিতে পারে। যুদ্ধের কারণে বাস্তুচ্যুতি, কর্মসংস্থান হ্রাস এবং ভ্রমণ ও পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব পড়েছে, যা দ্রুত কাটিয়ে ওঠা কঠিন হতে পারে।


বিবৃতিতে জানানো হয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সমন্বিতভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোকে প্রয়োজন অনুযায়ী নীতিগত পরামর্শ ও আর্থিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে IMF ও বিশ্বব্যাংক।


তারা আরও বলেন, জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতির ওপর যুদ্ধের প্রভাব নিয়মিত মূল্যায়ন করা হবে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি স্থিতিশীল, টেকসই ও কর্মসংস্থানমুখী পুনরুদ্ধার নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল