banglahour

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ মাস আগে) ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ২:৩৯ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। সকাল থেকেই পুরো ক্যাম্পাসজুড়ে ছিল নববর্ষের রঙিন উচ্ছ্বাস। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতে মাছ, তরমুজ, ডাকটিকিটের বক্স, হাতপাখাসহ নানা প্রতীক নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।


১৪ এপ্রিল ২০২৬, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ই-এর সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর ক্যাম্পাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়, যা উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।


শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়সহ দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নববর্ষের শপথ নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে হবে।
প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষ আমাদের নতুনভাবে শুরু করার প্রেরণা দেয়। অতীতের ভুল-ত্রুটি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। তিনি এ দিনে খেটে খাওয়া মানুষের কথা স্মরণ করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যাশা ব্যক্ত করেন।


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, নতুন বছরে সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।


সমাবেশে আরও বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি ও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ইফতেখার রহমান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল