
(১ মাস আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৬:২৬ অপরাহ্ন
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর প্রধান অতিথি হিসেবে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্নালাল রায়, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্নালাল রায় জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে কলেজের নিজস্ব অর্থায়নে ৫০ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে বাসটি ক্রয় করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই বাস সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।