
(৫ ঘন্টা আগে) ১৫ এপ্রিল ২০২৬, বুধবার, ৮:১২ অপরাহ্ন
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর করা অভিযোগের জবাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পরাজিত বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদার।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ অভিযোগ করেন, গত মঙ্গলবার সকালে তারাকান্দা উপজেলা পরিষদ হলরুমে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে যোগদান করতে বাধা দেওয়া হয়। এ সময় তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে রক্তাক্ত করা হয়। এ ঘটনার জন্য তিনি বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও তার সমর্থকদের দায়ী করেন।
তবে বিকেলে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলনে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, “ওইদিন কোনো হামলার ঘটনা ঘটেনি এবং সেখানে বিএনপির কোনো নেতাকর্মী উপস্থিত ছিল না। একজন কর্মী রক্তাক্ত হওয়ার যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ সাজানো। সুকৌশলে মুরগির রক্ত জামায় মেখে একটি নাটক তৈরি করা হয়েছে।”
উন্নয়ন কাজের উদ্বোধন প্রসঙ্গে মোতাহার হোসেন বলেন, “সরকারি উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে আমি উপস্থিত থেকেছি। আমাকে হুমকি দেওয়ার অভিযোগও ভিত্তিহীন। বরং সংসদ সদস্য নিজেই রহস্যজনক কারণে উত্তেজনাপূর্ণ আচরণ করছেন।”
তিনি আরও বলেন, অন্যান্য এলাকায় বিজয়ী ও পরাজিত প্রার্থীরা একসঙ্গে কাজ করার উদ্যোগ নিলেও এখানে তা হয়নি। “আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করতে চেয়েছি, কিন্তু আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে,”—যোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, উত্তর জেলা তাঁতী দল সদস্য আজিজুল হক, রওনব আহমেদ আজিজুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।