banglahour

চুয়াডাঙ্গায় তেল পাচার ও অবৈধ মজুদ রোধে ৫৮ বিজিবির বিশেষ অভিযান অব্যাহত

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ২:১৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিশেষ কর্মসূচি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে গরু পাচার ঠেকাতেও নজরদারি বাড়ানো হয়েছে।


মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান শুক্রবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, যশোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৬০০ কিলোমিটার দায়িত্বপূর্ণ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। এ অঞ্চলে ৭টি ব্যাটালিয়নের অধীনে ১১৬টি বিওপির মাধ্যমে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালিত হচ্ছে।


তিনি জানান, সাম্প্রতিক সময়ে তেলের অবৈধ মজুদ, পাচার ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি ১০টি পেট্রোল পাম্পে কঠোর তদারকি ও বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে।


বিজিবি জানিয়েছে, সম্ভাব্য পাচার রুট চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে।
গত ১৫ এপ্রিল থেকে পরিচালিত যৌথ অভিযানে জীবননগর ও মহেশপুরের বিভিন্ন ফিলিং স্টেশন ও তেল এজেন্টদের দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৮৭ লিটার ডিজেল ও ৭ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে যথাক্রমে ৫ ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আরও একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া বেনাপোল, ভোমরা স্থলবন্দর ও দর্শনা শুল্ক স্টেশনে ২৪ ঘণ্টায় ২১টি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। গত ৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তেল পাচার প্রতিরোধে ২ হাজার ৬৩৩টি টহল, ৯৫০টি চেকপোস্ট এবং ৬৭টি যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
একই সময়ে ৪১টি টাস্কফোর্স অভিযানে অবৈধ জ্বালানি তেল জব্দের পাশাপাশি ৩ জনকে কারাদণ্ড এবং কয়েকজন ডিলারকে মোট ৪৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। জনসচেতনতা বৃদ্ধিতে এখন পর্যন্ত ৯৪৩টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


২০২৬ সালে যশোর অঞ্চলে বিজিবি ৯৬ জন আসামিসহ প্রায় ৬২ কোটি ৬০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে স্বর্ণ, ডায়মন্ড, রৌপ্য, অস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য।


বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ তেল মজুদ ও পাচার প্রতিরোধে তাদের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম আরও জোরদার করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল