
(৩ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৩:১৯ অপরাহ্ন
নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ১৪ বছর ধরে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে গুম হয়েছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন আহমদ চৌধুরী এ্যানি। তিনি অভিযোগ করেন, এ ঘটনার পেছনে তৎকালীন সরকারের নেতৃত্ব জড়িত।
শুক্রবার জুমার নামাজের পর হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে ইলিয়াস আলীর সন্ধান কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গুমবিরোধী অধ্যাদেশ বাতিল নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, সরকার বিষয়টিতে ইতিবাচক অবস্থানে রয়েছে। গুমের শিকার পরিবারের কষ্ট ও বেদনা সরকার উপলব্ধি করে উল্লেখ করে তিনি বলেন, বিচার-বিশ্লেষণ ও অধিকতর তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দেশের গণতন্ত্র রক্ষায় যা করণীয়, সরকার তা করবে বলেও জানান তিনি।
এর আগে সকালে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাসিয়া নদী পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, নদীটি বর্তমানে খালে পরিণত হয়েছে এবং পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ মে নদীটির খনন কাজের উদ্বোধন করা হবে বলে জানান তিনি।