banglahour

রাঙ্গামাটিতে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৩:৩৩ অপরাহ্ন

রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই মৈত্রী জল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস)-এর আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুষম উন্নয়নের মাধ্যমে সমতলের মতো পার্বত্য চট্টগ্রামও সমানভাবে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে এবং দেশের অন্যান্য অঞ্চলের মতো এখানকার মানুষও সব ধরনের সুযোগ-সুবিধা পাবে।


মন্ত্রী বলেন, মারমা সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী জল উৎসব সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। পাহাড়ের সব সম্প্রদায়কে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, পাহাড়ের ১২টি সম্প্রদায়ের বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলাদেশের সম্পদ, যা বিশ্বদরবারে তুলে ধরতে হবে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, সদর জোন কমান্ডার মো. একরামুল রাহাত, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।


উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা পানি ছিটিয়ে ঐতিহ্যবাহী জলকেলি উৎসবের সূচনা করেন। পরে স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, মারমা সম্প্রদায় পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে প্রতি বছর সাংগ্রাই জল উৎসব পালন করে। একে অপরকে পানি ছিটিয়ে দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরের সুখ-শান্তির প্রত্যাশা ব্যক্ত করা হয় এই উৎসবের মাধ্যমে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল