banglahour

ঠাকুরগাঁওয়ে তেল নিতে এসে হামলার শিকার, মহাসড়ক অবরোধ

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৫:৫০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে তেল নিতে এসে হামলা ও মারধরের শিকার হয়েছেন সুরুজ আলী নামে এক ব্যক্তি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তেলগ্রহীতারা দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক প্রায় দুই ঘণ্টার বেশি সময় অবরোধ করে রাখেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকার মেসার্স রেজা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, সকাল ৭টা থেকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই তেল পাননি। তবে পাম্প কর্তৃপক্ষ লাইনের বাইরে একটি সিন্ডিকেটের মাধ্যমে তেল সরবরাহ করছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে সুরুজ আলীর ওপর হামলা চালানো হয়।

আহত সুরুজ আলী জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তেল নেওয়ার জন্য সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু লাইনে দাঁড়ানো গ্রাহকদের তেল না দিয়ে অন্যদের দেওয়া হচ্ছিল। এ নিয়ে প্রতিবাদ করলে পাম্পের কর্মচারী ও স্থানীয় সন্ত্রাসী বাহিনীরা তাকে মারধর করে। এমনকি স্ক্রুড্রাইভার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত তেলগ্রহীতারা মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন চালকরা।

এদিকে তেলগ্রহীতারা জানান, লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়া এবং সিন্ডিকেটের মাধ্যমে তেল বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। এর সুষ্ঠু সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মেসার্স রেজাল্ট ফিলিং স্টেশন-এর মালিক তাসমিমুর রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের পাম্পে কোনো সিন্ডিকেট নেই। এখানে দু-পক্ষের ভুল আছে। লাইনে দাঁড়িয়ে থাকা একটি ছেলে ইট হাতে নিয়ে মারতে আসছিল। এটি দেখে এখানকার স্থানীয় ছেলেরা তাকে মারধর করে পাম্প থেকে বের করে দেয়। সীমিত সরবরাহের কারণে সবাইকে একসঙ্গে তেল দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষে ঠাকুরগাঁও সদর থানার এসআই সুমন বলেন, ঘটনাস্থলে পৌঁছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরবর্তীতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল