banglahour

শরিয়াহভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে দায়িত্বশীলদের ভূমিকার আহ্বান

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৮:৪৯ অপরাহ্ন

শরিয়াহভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকি।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সিলেট নগরীর কেমুসাস হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে “জাতীয় নির্বাচন পরবর্তী তৃণমূল দায়িত্বশীল সভা” অনুষ্ঠিত হয়। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত, গতিশীল এবং তৃণমূল পর্যায়ে কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।


সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি দেলাওয়ার হোসাইন সাকি বলেন, “তৃণমূল সংগঠন শক্তিশালী না হলে কোনো আন্দোলনই সফল হয় না। তাই প্রত্যেক দায়িত্বশীলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, শরিয়াহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।


মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি’র সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ নযীর আহমদ, সাবেক জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, মহানগর সহ-সভাপতি আলহাজ হাফিজ মাওলানা আসআদ উদ্দিন, আলহাজ সিদ্দিকুর রহমান, মুহা. রফিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রভাষক বোরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি জাকির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি যাকাওয়াত হোসাইন চৌধুরী পাশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় বক্তারা বলেন, দেশ ও জাতির মুক্তির লক্ষ্যে শরিয়াহভিত্তিক মূল্যবোধ প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত কল্যাণ সম্ভব নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) এর নেতৃত্বে একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনে সংগঠনটি কাজ করে যাচ্ছে।


তৃণমূল দায়িত্বশীল সভায় সিলেট মহানগরের বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচন পরবর্তী সময়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জনগণের কাছে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল