
(৫ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৯:৫৮ অপরাহ্ন
ফরিদপুর শহরের লক্ষ্মীপুরে কুমার নদে ডুবে সাত বছর বয়সী তাসনিম আলম তাজ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাজ ফরিদপুর তারার মেলা মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
সে ফরিদপুর উচ্চ বিদ্যালয় এর পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও গৃহিণী রূপা আক্তার দম্পতির ছেলে। তিন ভাই বোনের মধ্যে মেঝ ছিল তাজ। তারা ফরিদপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ড এর ভাটি লক্ষ্মীপুর এলাকায় বসবাস করেন।
জানাগেছে, বিকেল চারটার দিকে তার প্রতিবেশী সমবয়সী বন্ধুদের সাথে খেলতে গিয়ে বাড়ির অদূরে কুমার নদে পড়ে যায়। সাঁতার না জানায় তাজ পানিতে ডুবে যায়। এ সময় অন্য শিশুরা বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা নদ থেকে তাজকে উদ্ধার করে। প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, বাদ এশা কমলাপুর মাটিয়া গোরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে।