
(৬ মাস আগে) ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ১:৪৯ অপরাহ্ন
চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনের শুরুতে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ টিকাদান কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, সরকারি ছুটি ব্যতীত সোমবার (২০ এপ্রিল) থেকে টানা তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি ডা. ইমরান হাম-রুবেলা রোগের ঝুঁকি ও প্রতিরোধে টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং জ্যেষ্ঠ সংবাদকর্মী মানিক আকবর।
সিভিল সার্জন জানান, জেলায় মোট ১ লাখ ৩০৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে ৯৮০টি আউটরিচ কেন্দ্র ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এতে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী এবং ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। এছাড়া পুরো কার্যক্রম তদারকিতে ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক দায়িত্ব পালন করবেন।