
(৩ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৭:২৬ অপরাহ্ন
চুয়াডাঙ্গা সীমান্তে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার প্রতিরোধে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিজিবি-৬ ব্যাটালিয়ন। একই সঙ্গে আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে গরু পাচার ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান রোববার (১৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির কার্যক্রম চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে তেল পাচার রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি ব্যাটালিয়ন এলাকার ১৪টি পেট্রোল পাম্পে বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্ত এলাকায় ১ হাজার ৮৬৩টি নিয়মিত ও বিশেষ টহল পরিচালনা করা হয়েছে।
সম্ভাব্য পাচার রুটে ৩৪১টি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং একাধিক অভিযান পরিচালিত হয়েছে।
এছাড়া তেল পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১১টি যৌথ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২১টি মতবিনিময় সভাও আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালে এ পর্যন্ত ৪ জন পাচারকারীসহ ১ হাজার ৬২০ দশমিক ০৮ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বার, ৩ হাজার ৮৩৭ গ্রাম রূপা এবং ২১২ লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪ কোটি ৯ লাখ ৪৯ হাজার ৬৮০ টাকা।
এছাড়া ১ হাজার ৫৪৪ বোতল মদ, ১ হাজার ৪১৫ বোতল ফেন্সিডিল, ২ দশমিক ১২৮৫ কেজি হেরোইন, ২১ দশমিক ৩ কেজি গাঁজা, ১ হাজার ৫৭৪টি ইয়াবা ট্যাবলেট, ৭ হাজার ৭৪৫টি ট্যাপেনটাডল ট্যাবলেট, ২ হাজার ৮৯২টি ভায়াগ্রা, ২ হাজার ৩৩২টি সেনেগ্রা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ২ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা।
বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তারা সর্বদা প্রস্তুত। অবৈধ তেল মজুদ ও পাচার প্রতিরোধসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সহযোগিতা অব্যাহত থাকবে।