
(৩ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৮:৪৪ অপরাহ্ন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নে আদিবাসীদের কবরস্থানের গাছ কাটা, শ্মশান কালী মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় তীরবিদ্ধসহ অন্তত দুইজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
রোববার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে পাল্টাপুর ইউনিয়নের সনকা খ্রিষ্টান পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ঘোড়াবান্দ গ্রামের কাদেরের ছেলে রেজাউল ও আজগর সাহাজীর ছেলে আজাদের নেতৃত্বে দেড় থেকে দুইশো ভাড়াটিয়া লোকজন নিয়ে আদিবাসীদের কবরস্থানের জমিতে গাছ কাটতে আসে একটি দল। এ সময় তারা কবরস্থান সংলগ্ন শ্মশান কালী মন্দিরে ভাঙচুর চালিয়ে মন্দিরের প্রতিমা ভেঙে পাশের ভুট্টা ক্ষেতে ফেলে দেয়।
স্থানীয় মানু কিস্কু জানান, সরকারি খাসখতিয়ানের ১৫০ নম্বর দাগের ৯৩ শতক জমি তারা পূর্বপুরুষের আমল থেকে ভোগদখল করে আসছেন। তবে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল জমিটি দখলের চেষ্টা করছে।
অন্তনী মুরমু অভিযোগ করেন, ঘটনার সময় তারা বাড়িতে না থাকায় অভিযুক্তরা মঙ্গল মুরমুর ছেলে পিউস মুরমুর (৪৫)-এর বাড়িতে হামলা চালিয়ে তাকে আহত করে এবং তার ঘরে আগুন দেয়। পরে তারা কবরস্থান ও মন্দির এলাকায় গিয়ে গাছ কাটাসহ ভাঙচুর চালায়।
নরেন হেমরম জানান, গাছ কাটা ও জমি দখলের প্রতিবাদ করতে গেলে হামলাকারীরা আদিবাসীদের ওপর আক্রমণ চালায়। এ সময় তাদের ছোড়া তীরে গনেশ সরেনের ছেলে বিশ্বনাথ ওরফে ভোন্দা (৩০) গুরুতর আহত হন। আহতদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাছ কাটার সরঞ্জাম জব্দ করে।
ঘটনাস্থল পরিদর্শন করে বীরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন বলেন, “ঘটনাটি অমানবিক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তরা পলাতক রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছিল।