
(৩ ঘন্টা আগে) ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৮:৫২ অপরাহ্ন
সারাদেশে যখন কৃত্রিম জ্বালানি তেল সঙ্কট সৃষ্টি করার বিষয়টি সামনে আসছে তখন কারা এই কৃত্রিম সঙ্কট সৃষ্টি করছে তা দেখার জন্য প্রশাসন রাতদিন মরিয়া হয়ে কাজ করছে। আটক করা হচ্ছে অবৈধ জ্বালানি তেল মজুদদার এবং বিক্রেতাদের। ভ্রাম্যমাণ আদালতে অবৈধ মজুদদার ও বিক্রেতাদের দেয়া হচ্ছে কারাদণ্ড ও অর্থদণ্ড।
কিন্তু এই জ্বালানি তেল অবৈধভাবে মজুদ কারা করছে এবং তাদের এই কাজে কারা সহযোগীতা করছে তার একটি প্রমান পাওয়া গেছে। এই অবৈধ কাজের সহযোগীতা করে জ্বালানি তেল সঙ্কট সৃষ্টির পরিবেশ তৈরি করেছেন খোদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। তিনি নিজে প্রশাসনিক পদে থেকে প্রকাশ্যে এ অপকর্মটি করেছেন। ৫০ লিটার পেট্রোল ও অকটেন সরবরাহের কোন যৌক্তিকতা কি তা নিয়ে প্রশ্ন উঠছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান তার মালিকানাধীন দাবী করা অনিবন্ধিত 'স্বপ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার' এর প্যাথলজি বিভাগে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এবং সঠিক সময়ে সংবাদ সংগ্রহের জন্য ৫০ লিটার পেট্রোল ও অকটেন সরবরাহের নিমিত্তে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বরাবর আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে নাহিদ হাসানের জাতীয় পরিচয়পত্রের ফটোকপির ওপর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ৫০ লিটার পেট্রোল ও অকটেন সরবরাহের জন্য সুপারিশ করেন। সুপারিশ পত্রে ১৬.০৪.২০২৬ তারিখ উল্লেখ রয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদ জানান, স্বপ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কোন নিবন্ধন নেই। এই প্রতিষ্ঠানটি অবৈধ।
নাহিদ অবেদনপত্রে লেখেন ' আমিসহ আরো দুজন সংবাদকর্মী ও আমার মালিকানাধীন স্বপ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ৩ জন ডাক্তার ও প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত জেনারেটর ব্যবহার করার জন্য ৫০ লিটার পেট্রোল ও অকটেন বিশেষ প্রয়োজন'।
এ প্রসঙ্গে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন,আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদের একটি ডায়াগনস্টিক সেন্টারের জেনারেটরের জন্য এবং তার প্রেসক্লাবের ৫ জন সাংবাদিকের জন্য বিশেষ প্রয়োজনে জ্বালানি তেল সরবরাহের জন্য আবেদন করেছিলন। তিনি মূল আবেদনটি কি কারণে করেছেন তা তিনি দেখাননি, এটা আমি বোধগম্য নই।
নাম প্রকাশে অনিচ্ছুক আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের কয়েকজন সংবাদকর্মী বলেন, এই প্রেসক্লাবের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই সভাপতি নাহিদ ও সম্পাদক শাওন অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে। যে কোন কাজে তারা বিএনপির নাম ব্যবহার করে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। আর্থিক বিষয়ে তার অত্যন্ত বেপরোয়া হয়ে গেছে। সংবাদ লেখা বা তৈরির ব্যাপারের এদের মনোযোগ নেই। এই তেল সরবরাহ নিয়ে তারা ব্যবসা করছে। তারা বেশ কিছু দিন ধরে পাম্প থেকে তেল নিয়ে অন্যত্র বিক্রি করছে, যা সকলেই জানে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াটা খুবই প্রয়োজন বলে আমরা মনে করি। কারন এদের গতি থামানো দরকার।
এ ব্যাপারে ওই সংবাদকর্মীগণ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের হস্তক্ষেপ কামনা করেছেন।