banglahour

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ৮:৩৬ অপরাহ্ন

কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে জেলার কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে  রাঙ্গামাটি জেলা প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কাপ্তাই হ্রদ হতে মৎস্য আহরণ ও বাজারজাত করণের উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনমাস পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত সভায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর কমান্ডার মো. ফয়েজ আল করিম, চট্টগ্রাম অঞ্চলের সহকারী নৌ পুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‎‎সভায় কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য সড়ক ও নৌপথে মাইকিং করে সকলকে অবগত করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয় ।

এ বিষয়ে রাঙ্গামাটি ‎জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, চলতি  মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও বিকাশের স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে সরকারীভাবে খাদ্যশষ্য বিতরণ করা হবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসি কমান্ডার মো: ফয়েজ আল করিম জানান, আগামী ২৪ এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকার বন্ধ হবে এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বিএফডিসি ঘাটে মৎস্য অবতরণ করা যাবে। তিনি বলেন, আগামী ২ মে থেকে কাপ্তাই হ্রদে পোনা ছাড়া শুরু হবে। বন্ধকালীন সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার ও পরিবহন করতে না পারে তার জন্য অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করা হবে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল