banglahour

আলোকিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে সংসদে সহযোগিতা চাইলেন এমপি এমরান আহমদ চৌধুরী

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৪ ঘন্টা আগে) ২০ এপ্রিল ২০২৬, সোমবার, ১০:৩০ অপরাহ্ন

জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তার নির্বাচনি এলাকার উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেছেন। তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাকে আধুনিক ও আলোকিত জনপদ হিসেবে গড়ে তুলতে সংসদ স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন।


বক্তব্যে তিনি আবারও নিজ নির্বাচনি এলাকার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবি জানান। একইসঙ্গে বৃহত্তর সিলেটের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরি উল্লেখ করে বলেন, বর্তমানে সিলেট থেকে ঢাকায় যাতায়াতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে, যা অত্যন্ত দুর্ভোগের। পর্যাপ্ত ট্রেন সুবিধা না থাকা এবং আকাশপথে অতিরিক্ত ভাড়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।


এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থেকে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ হলেও স্থানীয়ভাবে এখনো ঘরে ঘরে গ্যাস পৌঁছেনি। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান।


এছাড়া তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত এই দুই উপজেলার অধিকাংশ সড়কই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে দুটি সেতু নির্মাণ প্রয়োজন। স্বাস্থ্যখাতের দুরবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও ওষুধের সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, জুলাই বিপ্লব কোনো একক ব্যক্তির অবদান নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। এই চেতনা ধারণ করে বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল