banglahour

আমায় ডেকোনা ফেরানো যাবেনা। লাকী আখন্দ।

বিনোদন | ডেস্ক রিপোর্ট। জিয়াউল হক শোভন।

(৬ ঘন্টা আগে) ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১১:৪৭ পূর্বাহ্ন

কিংবদন্তি সূরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী লাকী আখন্দ ১৯৫৬ সালের ৭ জুন তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার পাতলা খান লেনে জন্মগ্রহণ করেন। মাত্র ৫ বছর বয়সে তিনি তার বাবার কাছ থেকে সংগীতে হাতেখড়ি নেন। তিনি ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং বেতারে শিশু শিল্পী হিসেবে সংগীত বিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি মাত্র ১৪ বছর বয়সে এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে যুক্ত হন।

১৯৭৫ সালে লাকী আখন্দ তার ছোট ভাই হ্যাপী আখন্দের জন্য একটি অ্যালবামের সংগীতায়োজন করেন। অ্যালবামটিতে "আবার এলো যে সন্ধ্যা" ও "কে বাঁশি বাজায়রে" গানে কণ্ঠ দেন হ্যাপী আখন্দ, "স্বাধীনতা তোমাকে নিয়ে" ও "পাহাড়ি ঝর্ণা" গানে কণ্ঠ দেন হ্যাপী ও লাকী দুজনে। লাকী আখন্দ ১৯৮০ সালে ঘুড্ডি চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন। এই চলচ্চিত্রে হ্যাপী আখন্দের "আবার এলো যে সন্ধ্যা" গানটি ব্যবহৃত হয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ১৯৮৪ সালে তার প্রথম একক অ্যালবাম লাকী আখন্দ সারগামের ব্যানারে প্রকাশিত হয়। এই অ্যালবামের কয়েকটি জনপ্রিয় গান হল "আগে যদি জানতাম", "আমায় ডেকোনা", "মামুনিয়া", "এই নীল মনিহার", ও "হৃদয় আমার"।

লাকি আখন্দের সংগীতচর্চা বন্ধ হয়ে যায় তার ছোট ভাই হ্যাপী আখন্দ ১৯৮৭ সালে মারা যাওয়ার পর। তিনি প্রায় এক যুগ পরে ১৯৯৮ সালে "পরিচয় কবে হবে" ও "বিতৃষ্ণা জীবনে আমার" অ্যালবামের সংগীতায়োজনের মাধ্যমে গানের ভুবনে আবার ফিরে আসেন। এ ছাড়া কুমার বিশ্বজিৎ এর কণ্ঠে ‘যেখানে সীমান্ত তোমার’, সামিনা চৌধুরীর কণ্ঠে ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ এবং জেমসের কণ্ঠে ‘লিখতে পারি না কোনো গান আর তুমি ছাড়া’ কালজয়ী গানগুলোর সুর করেছেন লাকী আখন্দ।  লাকী আখন্দের মৃত্যুর দুই বছর পর সল্প পরিসরে বের হয় "দ্যা আখন্দ ব্রাদার্স" নামের একটি অ্যালবাম। এই অ্যালবামে কণ্ঠ দেন লাকী আখন্দ, হ্যাপী আখন্দ ও শুক্লা দে।

লাকী আখন্দ দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ২০১৭ সালের ২১ এপ্রিল আজকের এই দিনে কিংবদন্তি এই সংগীত শিল্পী নিজের আর্মানিটোলার বাসাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বীর মুক্তিযোদ্ধা এবং কিংবদন্তি এই সংগীত শিল্পী লাকী আখন্দের মৃত্যু বার্ষিকীতে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইলো বিনম্র শ্রদ্ধা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল