
(১ মাস আগে) ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ২:০৪ অপরাহ্ন
মোংলায় সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইজিবাইকের চাপায় নিহতের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। একই স্থানে বারবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত রোধে সহপাঠী ও শিক্ষকরা মানববন্ধন করে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাগেরহাটের মোংলার সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের আয়োজনে সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সামনে সড়কে শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তালুকদার মোঃ জিয়াদ হোসাইন বলেন, বেপরোয়া গাড়ি চালানোর জন্য সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের মেধাবী ছাত্রী সানজিদা আক্তার শিমু (১১) সোমবার ইজিবাইকের চাপায় মারা যায়।
তিনি বলেন, বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদসহ নিরাপদ সড়ক ও সড়কে গতিরোধক স্থাপনের দাবিতে মানববন্ধন করছি।
অন্যান্য শিক্ষকরা জানান, এর আগেও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই একই সড়কে আরো অন্তত তিন থেকে চারজন শিক্ষার্থীর নিহত ঘটনা ঘটেছে। তাই নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানানো হয়। সাথে সাথে ছাত্রীদের সাবধানে রাস্তায় চলাচল করার জন্য আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,প্রভাষক সাহাদাৎ হোসেন, সহকারী শিক্ষক অপরুপ হালদার, রেবতী হালদার, ফজিলাতুন্নেছা বকুল, সরদার মেহফুজ আজিজ টুলু, বিলতা হালদার প্রমুখ।