banglahour

এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা করে হাত ভেঙে দিল চাচা

সারাদেশ | মো.মিজানুর রহমান। পিরোজপুর প্রতিনিধি।

(৬ মাস আগে) ২২ এপ্রিল ২০২৬, বুধবার, ৬:৪৭ অপরাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে এসএসসি পরীক্ষার্থী বিথী আক্তারের (১৬) হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে তার এক চাচার বিরুদ্ধে।এতে তার পরীক্ষা দেওয়া নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে।গুরুতর আহত ওই ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২১এপ্রিল ) বিকেলে তুষখালী ইউনিয়নের শাঁখারিকাঠি গ্রামে এই ঘটনা ঘটে। বিথী আক্তার ওই গ্রামের মো. বাদল হাওলাদারের মেয়ে এবং তুষখালী তোফেল আকন মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বিথী আক্তারের বাবা বাদল হাওলাদারের সাথে তুচ্ছ পারিবারিক বিষয় নিয়ে তার (বাদল হাওলাদার) চাচাতো ভাই  নজরুল ইসলাম (৩৩) ও মো. রাহাত (১৮) এর সাথে হাতাহাতি হয়ে। বিথী এ বিষয়ে অভিযুক্তদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে নজরুল ইসলাম হাতুড়ি দিয়ে বিথীকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হাতুড়ির উপর্যুপরি আঘাতে বিথীর ডান হাত ভেঙে যায়।
আহত বিথীকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি ও হাড়ের জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডা. এপা মনি জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিষয়টি তারা মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউ এনও) আকলিমা আক্তার জানান, পরীক্ষার্থীর পরিবারের সাথে কথা বলেছি। চিকিৎসা করে নিয়ে আসবে। পরীক্ষার হলে একজন রিসিভারের জন্য আমরা সুপারিশ করব যাতে তিনি পরীক্ষা দিতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল