
(৬ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪৫ অপরাহ্ন
তীব্র তাপদাহে দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজবাড়ীর কালুখালীতেও তেল পাম্পগুলোতে কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। প্রচণ্ড রোদে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন তারা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কালুখালী উপজেলার মোহনপুর বাজারে অবস্থিত শেখ ফিলিং স্টেশনে সরেজমিনে দেখা যায়, তেল নিতে আসা কৃষক ও চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই প্রচণ্ড গরমে পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতায় ভুগছেন।
এমন পরিস্থিতিতে পিপাসায় কাতর মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগ নেন তরুণ সমাজসেবক শেখ নিশান। তিনি নিজ উদ্যোগে পাম্পে অপেক্ষমাণ কৃষক ও মোটরসাইকেল চালকদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেন। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরে পান ভুক্তভোগীরা।
এ বিষয়ে শেখ নিশান বলেন, “প্রচণ্ড রোদে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে হিটস্ট্রোক বা পানিশূন্যতার ঝুঁকি থাকে।
ঠান্ডা শরবত পান করানোর মাধ্যমে মানুষের কষ্ট কিছুটা লাঘব করা যায়। সেই চিন্তা থেকেই আমি এই উদ্যোগ নিয়েছি।”
পাম্পে তেল নিতে আসা এক স্কুল শিক্ষক বলেন, “এই গরমে রোদে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় কৃষক ও চালকদের। তখন তারা তৃষ্ণায় পানির জন্য ছটফট করেন। এমন সময় নিরাপদ পানি ও সুপেয় শরবত সত্যিই বড় স্বস্তি দেয়।
নিশানের মতো অন্যদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা।”
স্থানীয়দের মতে, তীব্র গরমে এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।