banglahour

সরকারি প্রকল্প বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ৪:৪২ অপরাহ্ন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। একই সঙ্গে দীর্ঘদিনের নাব্য সংকট, মৎস্য উৎপাদন হ্রাস এবং পর্যটন উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করতে খুব শিগগিরই কর্ণফুলী নদী ও কাপ্তাই হ্রদের ড্রেজিং কার্যক্রম শুরু হবে।


শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও আবাসিক এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে পার্বত্য এলাকার সামগ্রিক চিত্র বদলে যাবে। দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।


তিনি আরও বলেন, বরকলসহ পার্বত্য অঞ্চলের যেসব এলাকায় এখনো মোবাইল নেটওয়ার্ক নেই, সেখানে অল্প সময়ের মধ্যেই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।


দীপেন দেওয়ান বলেন, কাপ্তাই হ্রদ পার্বত্য অঞ্চলের অর্থনীতি, নৌ-যোগাযোগ, মৎস্যসম্পদ ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে পলি জমে নাব্যতা কমে যাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, মাছ উৎপাদন কমছে এবং পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার হ্রদ খননের সিদ্ধান্ত নিয়েছে।


তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিম, পার্বত্য মন্ত্রণালয়ের উপসচিব রবীন্দ্র চাকমা, ৪৫ বিজিবি বরকলের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল