
(৪ ঘন্টা আগে) ২৫ এপ্রিল ২০২৬, শনিবার, ৪:৪৫ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে মো. রাসেল হাওলাদার (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রবিউল ইসলাম।
গতকাল শুক্রবার(২৪ এপ্রিল) দিবাগত রাত ১২ টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল হাওলাদার মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২ টার পরে রাসেল হাওলাদার বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পোস্টমর্টেম এর জন্য তার লাশ থানায় নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম জানান, গতকাল গভীর রাতে নিহত রাসেল ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় অপমুত্যৃর মামলা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে ।