banglahour

বন উজাড় হয়ে যাওয়ায় হাতিসহ বন্য প্রাণী ক্ষতিগ্রস্থ হচ্ছে, তাদের সুরক্ষায় কাজ করতে হবে-পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ মাস আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১:৪৫ অপরাহ্ন


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন,বন উজাড় হয়ে যাওয়ায় হাতিসহ বন্য প্রাণী ক্ষতিগ্রস্থ হচ্ছে, তাদের সুরক্ষায় কাজ করতে হবে। তিনি বলেন, হাতি  আমাদের দেশের সম্পদ, এদের রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি বলেন, হাতি অত্যন্ত সংবেদনশীল একটি প্রাণী, হাতি ক্ষতিগ্রস্থ না হলে তারা মানুষের ক্ষতি করেনা। তাই প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় হাতির কোন রকম ক্ষতি বা তাদের অভয়ারণ্যগুলো ক্ষতিগ্রস্থ করা যাবেনা। এ জন্য তিনি হাতি এবং মানুষের মাঝে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক গড়ে তোলার আহবান জানান।


সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটির জেলার বিভিন্ন উপজেলায় বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।


রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নাজম আশরাফী। বন বিভাগের পক্ষ থেকে সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার।


এ সময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: রফিকুজ্জামান শাহ,পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমীন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


পার্বত্য মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হাতি চলাচলের রাস্তাসহ তাদের খাবারগুলো ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তিনি হাতির সুরক্ষা কার্যকর উদ্যোগ গ্রহন করতে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করার আশ্বাস প্রদান করেন এবং হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে বন  বিভাগকে পরিকল্পনা প্রনয়নের আহবান জানান।


অনুষ্ঠানে বন্য হাতি দ্বারা মৃত্যুবররণকারী ২ জনের পরিবারকে ৬ লক্ষ টাকা এবং বন্যপ্রাণী দ্বারা ক্ষতিগ্রস্ত ৭৬ পরিবারকে ২০ লক্ষ ৩৬ হাজার টাকার চেকসহ সর্বমোট ২৬ লক্ষ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া চেক বিতরণ অনুষ্ঠান শেষে পার্বত্য মন্ত্রী জেলার ৪৩টি নিবন্ধিত ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল