banglahour

বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে-পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ২:৪৫ অপরাহ্ন


বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের মানুষ স্বাস্থ্য সেবায় আরেক ধাপ এগিয়ে গেল। আর স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এ অধিকার থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে।


সোমাবার (২৭ এপ্রিল) রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে রাঙ্গামাটি সদর হাসপাতাল প্রাঙ্গণে নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন।


রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রীতি প্রসূন বড়ুয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমা, জেনারেল হাসাপাতালে আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর প্রমুখ।


পার্বত্য মন্ত্রী আরো বলেন, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষাখাতে যেসব সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হবে। শুধু জেলা সদর নয় পাহাড়ের প্রত্যন্ত এলাকার হাসপাতালগুলো আধুনিকায়নে কার্যকর উদ্যোগ নেয়া হবে।


তিনি বলেন, ইতিমধ্যে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আশা করছি অতিদ্রুতই স্বাস্থ্যখাতে বিদ্যমান বিভিন্ন  সমস্যা সমাধান করা  হবে। তিনি রাঙ্গামাটি সদর হাসপাতালে আগত রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ তাদের সাথে ভালো আচরণের মাধ্যমে সম্পর্ক বন্ধুত্বসুলভ করার আহবান জানান।


আলোচনা সভা শেষে পার্বত্য মন্ত্রী ফলক উন্মোচন করে নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধন করেন এবং নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল