
(৫ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ২:৪৬ অপরাহ্ন
সোমবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দেড় বছর বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। এর আগে রবিবার হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম-এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১৭২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে ১ জন রোগী ল্যাব টেস্টে শনাক্ত হয়েছেন। এই সময়ে ৩৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৮০ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ২ জন হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।
সন্দেহভাজন ১৭২ জন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ৯ জন চিকিৎসাধীন আছেন। বাকিরা বিভাগের অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।