
(৩ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৬:২২ অপরাহ্ন
বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের জন্য সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকোয়ারমেন্ট’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ডব্লিউটিও-এর নিয়ম মেনে চলতে, হালনাগাদ থাকতে এবং বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে নোটিফিকেশন অপরিহার্য উপাদান। তিনি উল্লেখ করেন, নোটিফিকেশন ডব্লিউটিও-এর টুলবক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি যথাযথভাবে বজায় রাখতে পারলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় আরও কার্যকরভাবে অংশগ্রহণ সম্ভব হবে।
তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করাই হবে এ প্রশিক্ষণের মূল সাফল্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহিম খান। এছাড়া ডব্লিউটিও-এর বিভিন্ন আঞ্চলিক প্রতিনিধি বক্তব্য দেন।
চারদিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়ের ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।