banglahour

ব্রহ্মপুত্রের ভাঙনে কাঁদছে হাতিয়া-বুড়াবুড়ির মানুষ

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(২ ঘন্টা আগে) ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৮ অপরাহ্ন


কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের মিলনস্থলে ব্রহ্মপুত্র নদ-এর তীব্র ভাঙন নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে জনপদজুড়ে। জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। নদী গিলে খাচ্ছে বসতভিটা, ফসলি জমি আর মানুষের শেষ আশ্রয়টুকু। এ অবস্থায় ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে শত শত নারী-পুরুষ মানববন্ধন ও সমাবেশে অংশ নেন। তাদের সঙ্গে ছিল শতাধিক স্কুলশিক্ষার্থী—যাদের চোখে ছিল ভয়ের ছাপ, ভবিষ্যৎ হারানোর শঙ্কা।
নদীর পাড়ে দাঁড়িয়ে কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধা আছিয়া বেগম বলেন, “এই ভিটাটুকুই আমাদের সব। নদী যদি নিয়ে যায়, আমরা কোথায় যাব?” একই আর্তি শোনা যায় আকলিমা, কবিজন নেছা ও বৃদ্ধ শাহাবুরের কণ্ঠে। স্থানীয় বাসিন্দা নওশের আলী বলেন, “প্রতি বছরই ভাঙন দেখি, কিন্তু এবার মনে হচ্ছে—সবকিছু শেষ হয়ে যাবে।”


মানববন্ধনে অংশ নেওয়া শিশুদের কান্না যেন পরিস্থিতিকে আরও বেদনাদায়ক করে তোলে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিমা আক্তার বলে, “আমাদের স্কুলটা যদি নদীতে চলে যায়, আমরা কোথায় পড়ব?” তার সহপাঠী রাব্বি যোগ করে, “আমরা শুধু আমাদের স্কুলটা বাঁচাতে চাই।” শিশুদের এই আকুতি উপস্থিত সবার চোখে পানি এনে দেয়।


স্থানীয়দের সঙ্গে সংহতি জানিয়ে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহ-সভাপতি অধ্যক্ষ খাজা শরীফ রিন্টু, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও সাংবাদিক ফজলুল করিম ফারাজী।


সমাবেশে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “বিশ্বের অনেক দেশে নদীভাঙনে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায়। কিন্তু আমাদের দেশে তারা বারবার গৃহহীন হয়ে পড়ে। যেন তারা এই দেশের নাগরিকই নয়।” তিনি দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান।


এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, জেলার ১৬টি নদ-নদীর মধ্যে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদে বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। তিনি বলেন, “জরুরি ভিত্তিতে ভাঙন রোধে এক লাখ বালুভর্তি জিও ব্যাগ ফেলার জন্য টেন্ডার আহ্বান করা হবে এবং দ্রুত কাজ শুরু করা হবে।”
তবে এলাকাবাসীর প্রশ্ন—এই উদ্যোগ কত দ্রুত বাস্তবায়ন হবে? কারণ সময় যেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। প্রতিদিন একটু একটু করে নদী এগিয়ে আসছে বসতি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে। আর সেই সঙ্গে বাড়ছে আতঙ্ক, অনিশ্চয়তা এবং টিকে থাকার নির্মম সংগ্রাম।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল