banglahour

যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থীদের স্মরণে প্যারিসে মানববন্ধন ও প্রতিবাদ

প্রবাস | আবু তাহির। ফ্রান্স প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ১২:০৪ পূর্বাহ্ন

‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম, ফ্রান্স’-এর উদ্যোগে গত ২৯ এপ্রিল বুধবার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী—জামিল লিমন ও নাহিদা বৃষ্টি—এর স্মরণে প্যারিসের রিপাবলিক স্কোয়ারে একটি শোকসভা ও মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

উল্লেখ্য, এই দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে মর্মান্তিকভাবে খুন হন। তাদের অকালমৃত্যু বিদেশে বসবাসকারী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

এই মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল নিহত শিক্ষার্থীদের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করা। একই সাথে, এই মানববন্ধনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয়।

ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্যারিস স্যাকলে, সায়েন্সেসপো, সরবন, ইকোল পলিটেকনিক, প্যারিস সিটি ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা এই সমাবেশে অংশগ্রহণ করেন পাশাপাশি প্রবাসী বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দরাও এতে অংশগ্রহণ করেন ।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাইফুল আলম সবুজ, মুখপাত্র আল ফারাবি চৌধুরী এবং ফারজিন ফিওনা ও ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার বক্তব্য রাখেন।

সাইফুল আলম সবুজ তার বক্তব্যে নিহত শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জোরালো দাবি জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্রেই নয়, বিশ্বের প্রতিটি দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আল ফারাবি চৌধুরী তার বক্তব্যে বিশ্বজুড়ে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে সম্মিলিত আওয়াজ তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ডালিয়া নিশাত, নুরজাহান শরীফা পূর্ণতা, তৌফাজ্জল হোসেন রাসেল উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল