
(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৫:৫৭ পূর্বাহ্ন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে পিটিয়ে যুবক হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতাররা হলেন—মো. মিজানুর রহমান (৩৮) ও মোছা. জেসমিন খাতুন (২৩)। তারা সম্পর্কে ভিকটিমের ভাসুর ও স্ত্রী।
র্যাব জানায়, ২৯ এপ্রিল বিকেল ৪টা ৫০ মিনিটে গাজীপুরের বাসন থানার কলম্বিয়া রোড, মোগরখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, নিহত আক্তারুজ্জামান রুবেল (২৫) ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। প্রায় পাঁচ বছর আগে জেসমিন খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে গত ১৭ এপ্রিল সকালে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, স্ত্রী জেসমিন খাতুন, তার ভাই মিজানুর রহমানসহ কয়েকজন মিলে বাঁশের লাঠি, লোহার রড ও কাঠ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে রুবেলকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ এপ্রিল রাত ১১টা ৪৪ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদার ২৫ এপ্রিল ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩০২/৫০৬/১১৪/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে প্রধান আসামিদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।