banglahour

কিশোরগঞ্জে বেড়েছে নদ-নদীর পানি, ক্ষতিগ্রস্ত হয়েছে ২১হাজার কৃষক, মসজিদে বিশেষ দোয়া

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৫:১৭ অপরাহ্ন

হাওর এলাকায় বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় অনেক কৃষক মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে জুমার নামাজে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করা হয়—যেন তিনি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ধৈর্য ও শক্তি দেন এবং দ্রুত ক্ষতি কাটিয়ে ওঠার পথ সহজ করেন। বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে কিশোরগঞ্জের নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়েছে। এতে জেলার হাওরাঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে প্রায়  ৬ হাজার ৭৬৮ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত  হয়েছে ২১ হাজার কৃষক। ক্ষতির  বিষয়টি নিশ্চিত  করেছে কৃষি বিভাগ।


আজ শুক্রবার    জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় জানায়, জেলার চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বেড়েছে। ইটনা পয়েন্টে ধনু-বৌলাই নদীর পানি বেড়ে দাঁড়িয়েছে ৩.০১ মিটার, যা আগের দিনের তুলনায় ২ সেন্টিমিটার বেশি। চামড়াঘাটে মেঘনা নদীর পানি ২.৬৩ মিটার, বৃদ্ধি ৫ সেন্টিমিটার। অষ্টগ্রামে কালনী নদীর পানি ২.৩০ মিটার, যা ৫ সেন্টিমিটার বেড়েছে। ভৈরব বাজারে মেঘনা নদীর পানি ১.৮৭ মিটার, বৃদ্ধি পেয়েছে ২ সেন্টিমিটার।

তবে টানা বৃষ্টিপাত ও উজানের পানির চাপ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে হাওরাঞ্চলের বোরোধানের ক্ষতি আরও বাড়তে পারে।

স্থানীয় কৃষকেরা জানান, ইতোমধ্যে হাজার হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন তারা।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। 


জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, মাঠপর্যায়ের তথ্যমতে  ৬ হাজার৭৬৮ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা ও অষ্টগ্রাম উপজেলায়। তবে বৃষ্টিপাত না বাড়লে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কমতে পারে। এবছর কিশোরগঞ্জে ১লক্ষ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধানের আাবাদ করা হয়।  
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল