
(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৫:২৫ অপরাহ্ন
ময়মনসিংহের মুক্তাগাছায় বৈশাখী মেলায় গিয়ে তুচ্ছ ঘটনায় বন্ধুবান্ধবদের সাথে কথা কাটাকাটির জেরে সিয়াম (১৫) নামের এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার পদুরবাড়ী মাঠে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, রামনাথ বাড়ি গ্রামের মান্নানের ছেলে নাজমুল(৩৫) ও সুরুজ মিয়ার ছেলে রায়হান(১৩।
নিহত সিয়ার উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সিয়ামের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘ দিনের ঐতিহ্যানুযায়ী মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে দুইদিন ব্যাপি বৈশাখী মেলা চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে সেই মেলায় যায় সিয়াম। সেখানে কথাবার্তার এক পর্যায়ে বন্ধুদের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখানে নিজেরাই সেই বিষয়টি সমাধান করে নেয়। এর কিছুক্ষণ পরে মেলার এক পাশে সিয়ামকে একা পেয়ে রামনাথ বাড়ি গ্রামের মান্নানের ছেলে নাজমুলের(৩৫) নির্দেশে প্রতিপক্ষের কিশোররা সংঘব্ধ হয়ে লাঠি দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে সে মারা যায়।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিকভাবে দুইজনকে আটক করেছে।