
(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ১০:৫৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁ মোড়ে পেশাগত দায়িত্ব পালন শেষে বিরতি নেওয়ার সময় দুই সাংবাদিকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত হয়েছেন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ।
হামলার শিকার সাংবাদিকরা জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বির নেতৃত্বে ৬-৭ জন তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট ধরে তারেক রহমানকে রাস্তায় ফেলে মারধর করা হয় এবং তারেক আজিজকে ভাঙা চায়ের কাপ ও চেয়ার দিয়ে আঘাত করে জখম করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আরামবাগ এলাকার মুসা (১৯) এবং আব্দুল আলীম (২৬)।
তিনি আরো জানান, মূল অভিযুক্ত রাব্বি এখনও পলাতক থাকলেও বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হবে। অভিযুক্ত রাব্বির বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।