
(২ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ১:৪৪ অপরাহ্ন
দেশের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়কপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ যেন দিন দিন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে।
মহাসড়কের প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে বেড়েই চলেছে চলাচল নিষিদ্ধ থ্রীহুইলারের দৌরাত্ম্য। আইন অমান্য করে প্রকাশ্যে চলছে ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন ধীরগতির যানবাহন। এতে একদিকে বাড়ছে যানজট, অন্যদিকে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। প্রতিনিয়ত ঝরছে তাজা প্রাণ।
হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান, মামলা ও যানবাহন জব্দ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। সংশ্লিষ্টদের মতে, কঠোর নজরদারি ও বিকল্প সড়ক ব্যবস্থা না থাকায় সমস্যা দিন দিন আরও প্রকট হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই পথে চলাচল করে হাজার হাজার দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন। কিন্তু এসব দ্রুতগতির যানবাহনের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নিষিদ্ধ থ্রীহুইলার।
মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, ইঞ্জিনচালিত রিকশা, অটোবাইক, ইজিবাইক, সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যান অবাধে চলাচল করছে। অনেক চালক হঠাৎ লেন পরিবর্তন করছেন, কেউ আবার উল্টো পথে গাড়ি চালাচ্ছেন। ফলে দ্রুতগতির যানবাহনের চালকদের পড়তে হচ্ছে চরম ঝুঁকিতে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে আহত ও নিহত হচ্ছেন সাধারণ মানুষ।
হাইওয়ে পুলিশের তথ্যমতে, গত এক বছরে কুমিল্লা রিজিওনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ছয় শতাধিক মানুষের। এর বড় একটি অংশ ঘটেছে কুমিল্লার মহাসড়ক এলাকায়। বিশেষ করে নিষিদ্ধ ধীরগতির যানবাহনের বেপরোয়া চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মহাসড়কের দুই পাশে অনেক এলাকায় সার্ভিস লেন না থাকায় স্থানীয়রা স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য বাধ্য হয়েই থ্রীহুইলার নিয়ে মহাসড়কে উঠছেন। এতে দ্রুতগতির যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে।
পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কথা হয় নোয়াখালীগামী যাত্রী শরীফ মিয়ার সঙ্গে। তিনি বলেন, “মহাসড়কে উঠলেই ভয় লাগে। ছোট ছোট গাড়িগুলো হঠাৎ সামনে চলে আসে। কখন যে দুর্ঘটনা ঘটে বলা যায় না। দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”
আলেখারচর মায়ামি -২ হোটেলের সামনে একই ধরনের অভিযোগ করেন লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী যাত্রী কামাল হোসেন। তিনি বলেন, “দূরপাল্লার বাসে উঠেও নিরাপদ মনে হয় না। মহাসড়কে এত ইজিবাইক আর অটোরিকশা চলে যে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সারাবাংলা.নেটের কুমিল্লা প্রতিনিধি মোঃ রাসেল বলেন, শুধু থ্রি হুইলার আটকিয়ে বা জরিমানা করে এ সমস্যার সমাধান হবেনা। পাশাপাশি শাস্তির বিধানও রাখতে হবে। এবং সাধারণ মানুষ সচেতন হলে এ সমস্যা কিছুটা হলেও লাগব হবে।
এ বিষয়ে কুমিল্লা রিজিওন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, “নিষিদ্ধ থ্রীহুইলার যান চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মামলা দেওয়া হচ্ছে, গাড়ি জব্দ করা হচ্ছে। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সবার সহযোগিতা ও সচেতনতা প্রয়োজন।”
সংশ্লিষ্টদের মতে, শুধু অভিযান চালিয়ে এ সমস্যা সমাধান সম্ভব নয়। মহাসড়কের পাশে বিকল্প সার্ভিস লেন নির্মাণ, স্থানীয় সড়ক উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগ একসঙ্গে নিশ্চিত করতে হবে।
তা না হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়কে দুর্ঘটনা, যানজট ও প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা।