
(৩ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ৭:১৯ অপরাহ্ন
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি দারিদ্র্যহীন, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে সুখী রাষ্ট্র গঠনে কাজ করছে।
এর আগে চট্টগ্রাম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের জন্য ঋণ মওকুফ, কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং ক্রীড়াবিদ ও ধর্মীয় গুরুদের সম্মানীর ব্যবস্থা করা হয়েছে।
বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে জনগণের অধিকার হরণ করা হয়েছিল, তবে বর্তমান সরকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে। ধর্ম বা গোত্রের অজুহাতে কাউকে পিছিয়ে রাখা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
পরে হাটহাজারীর ফতেপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী।