banglahour

জেলা প্রশাসক সম্মেলনে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় | স্টাফ রিপোর্টার। ঢাকা।

(১ দিন আগে) ৩ মে ২০২৬, রবিবার, ২:৫৯ অপরাহ্ন

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোববার (৩ মে) সকালে শুরু হয়েছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসকদের সঙ্গে এটি সরকারের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তিনি বলেন, জনপ্রশাসনের পেশাদারিত্ব ও নিরপেক্ষতা সুষ্ঠু নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


প্রধানমন্ত্রী প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পদোন্নতি বা পছন্দের পোস্টিংয়ের জন্য পেশাদারিত্বের সঙ্গে আপস করা যাবে না। দেশের যে কোনো স্থানে, যে কোনো পদে দায়িত্ব পালনের মানসিকতা রাখতে হবে।


তিনি বলেন, বর্তমান সরকার দুর্বল অর্থনীতি, বিভাজিত প্রশাসন ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়েও সরকার জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে।
প্রধানমন্ত্রী জানান, সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড বিতরণসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে কাজ করছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য সম্মানি ভাতাও চালু করা হয়েছে।


তিনি জেলা প্রশাসকদের বাজার তদারকি জোরদার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত, মোবাইল কোর্ট কার্যকর রাখা, দুর্নীতি দমন এবং সেবাপ্রার্থীদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে কঠোর হওয়ার নির্দেশ দেন।


প্রধানমন্ত্রী বলেন, “সুশাসন বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূলভিত্তি। দুর্নীতির সঙ্গে কোনো আপস নয়।”
এছাড়া তিনি প্রশাসনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে জনপ্রশাসনকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার আহ্বান জানান।
ডিসি সম্মেলন আগামী ৬ মে পর্যন্ত চলবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল