banglahour

লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় ফ্যাক্টরি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৬ মাস আগে) ৩ মে ২০২৬, রবিবার, ৪:৫৬ অপরাহ্ন

অননুমোদিত রঙ ও ফ্লেভার ব্যবহার এবং লাইসেন্স ছাড়া আইসক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণনের দায়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকার লোটাস সুপার আইসক্রিম ফ্যাক্টরির স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


রবিবার (৩ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা আরোপ ও আদায় করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, তদারকিকালে অননুমোদিত রঙ ও ফ্লেভার ব্যবহার, লাইসেন্স ব্যতীত আইসক্রিম উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ফ্যাক্টরির স্বত্বাধিকারী সাজেদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সাতটি ফ্রিজে সংরক্ষিত অননুমোদিত রঙ ও ফ্লেভারে তৈরি আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।


অভিযান চলাকালে মুন্সীগঞ্জ বাজারের তেল ডিলারদের দোকানও তদারকি করা হয়। ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।


অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের সদস্যরা।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল